রোববার রাত ৮টার দিকে নতুন মাদারীপুর শহর এলাকায় এ ঘটনা ঘটে। আহত হুমায়ুন মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের রহমান মাতুব্বরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে মাদারীপুর শহর থেকে নিজবাড়ি লক্ষ্মীগঞ্জে ফিরছিলেন হুমায়ুন মাতুব্বর। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আল আমিন হাওলাদার ও তার বাবা আলমগীর হাওলাদার লোকজন নিয়ে রাজমিস্ত্রি হুমায়ুনের ওপর হঠাৎ হামলা চালান। এ সময় শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন।
.png)
এ সময় হুমায়ুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহত হুমায়ুনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। এছাড়া তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ায় অবস্থা আরো বেশি খারাপ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হামলাকারীদের ধরতে কাজ করছে পুলিশ। আহত হুমায়ুন ও অভিযুক্ত আলমগীর হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন হাওলাদার ও তার বাবা আলমগীর হাওলাদার পলাতক রয়েছেন।