ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে ২ কোটি টাকার মাছ!

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ২২ ডিসেম্বর ২০২৩
জেলের জালে ২ কোটি টাকার মাছ!
কালো পোপা মাছ- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীতে মোজাম্মেল বহদ্দার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৫৯টি কালো পোপা মাছ। মাছগুলোর দাম হাঁকানো হয়েছে প্রায় ২ কোটি টাকা। শুক্রবার মাছগুলো গভীর সাগরে ধরা পড়ে।

১৫৯টি কালো পোপা মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাটা ইউনিয়নে হৈ-চৈ লেগে গেছে। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মোজাম্মেল এবং কালো পোপা মাছ। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো দেখার জন্যে জেলের পরিবারে ভিড় জমিয়েছে।

ধলঘাটার স্থানীয় বাসিন্দা আরমানুল ইসলাম সুমন বলেন, ‘সবাই খুবই খুশি মোজাম্মেল বহদ্দারের জালে মাছগুলো ধরা পড়ায়। ইউনিয়নের অনেক মানুষ মাছগুলো দেখার জন্য সেখানে ছুটে যান।’

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু। তিনি বলেন, ‘মোজাম্মেলের জালে ১৫৯টি কালো পোপা ধরা পড়েছে। হতদরিদ্র জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছে। এটা আল্লাহর নিয়ামত।’

তিনি আরো বলেন, ‘শুনেছি মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা। কালো পোপা যেহেতু খুবই দামি মাছ হয়তো দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবেন মোজাম্মেল।’

মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কালো পোপা আকারভেদে দাম বেশি হতে পারে। এক কেজি সাইজের মাছের দাম হতে পারে ১ হাজার টাকা। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি হলে দামটা অনেক বেশি হবে। তবে মাছগুলো আমিও দেখেছি, ২ কোটি দাম হাঁকানোর মতো না।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!