ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পারিবারিক কলহে প্রাণ দিলেন ডালিয়া

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ২২ ডিসেম্বর ২০২৩
পারিবারিক কলহে প্রাণ দিলেন ডালিয়া
ফাইল ছবি

পারিবারিক কলহের জেরে ডালিয়া আক্তার নামে এক গৃহবধূ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

বৃহস্পতিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিক উল্লাহ।

মৃত ডালিয়া আক্তার (২৫) ওই এলাকার মো. সাগরের স্ত্রী ও জেলার আদর্শ সদর উপজেলার মনিপুর এলাকার মো. জসিম উদ্দিনের মেয়ে। 

Advertisement

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৭ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে মো. সাগরের সঙ্গে জেলা সদরের মনিপুর এলাকার জসিম উদ্দিনের মেয়ে মোসা. ডালিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে ডালিয়ার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের কলহ লেগেই থাকত। এ কলহের জেরে গত ২০ ডিসেম্বর দুপুরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ ডালিয়া।

পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহতের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ওসি এস এম আতিক উল্লাহ বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা থানায় অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!