চিলা খালে ভেসে এলো ডলফিন
বাগেরহাট মোংলার পশুর নদী সংলগ্ন চিলা খালে ভেসে এসেছে মিষ্টি পানির একটি মৃত ডলফিন।
শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলার চাঁদপাই ইউনিয়নের চিলা এলাকার ফেলোশিপ চার্চের সামনের চিলা খালের চরে ভেসে আসে ডলফিনটি। পরে মৃত ডলফিনটি মাটিচাপা দিয়েছেন বনবিভাগের সিপিজি সদস্যরা। মৃত ডলফিনটি পূর্ণ বয়স্ক, এর বয়স ১২ থেকে ১৩ বছর হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) নিয়ন্ত্রণাধীন সিপিজির (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্যরা।
তারা জানান, শনিবার ভোরে চরে একটি মিষ্টি পানির মৃত ডলফিন (শুশুক) দেখতে পায় গ্রামবাসী। এরপর তারা আমাদের খবর দেন। এরপর খালের চরে মৃত ডলফিন পড়ে থাকার বিষয়টি বনবিভাগকে জানানো হয়। বনবিভাগের সিদ্ধান্তে সকাল ১০টায় ওই মৃত ডলফিনটি খালের চরে মাটিচাপা দেওয়া হয়।
সিপিজি সদস্য অমিয় সরদার জানান, মৃত ডলফিনটির পেটে বাচ্চা ছিলো। বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ ডলফিনটির শরীরে কোনো ক্ষত না থাকলেও রক্তক্ষরণ হচ্ছিল।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, মৃত ডলফিনটির মুখের নিচের চোয়াল ভাঙা ছিল। কোনো জালে আটকে পড়ে এ ডলফিনের চোয়াল ভেঙে মৃত্যু হয়ে থাকতে পারে।