শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকার শেখ ফরিদের ছেলে সোহেল (২৫), একই উপজেলার দোলহাটা গ্রামের ইসমাইলের ছেলে জহিরুল ইসলাম (২০), ভোলাইন গ্রামের বাচ্চু মজুমদারের ছেলে নাহিদ (১৯), আদ্রা এলাকার দ্বীন ইসলামের ছেলে ফয়েজ (৩০) ও লালমাই কৈয়ারা গ্রামের আবদুর রহিমের ছেলে জহির (২০)।
.png)
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ফেনীর ফাজিলপুর এলাকা অতিক্রমের সময় রেললাইন সংলগ্ন সড়কে চলন্ত একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের দরজায় পা ঝুলিয়ে বসে থাকা কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়।
এক যাত্রী বলেন, আমাদের বগির দরজায় দুইজন ছেলে বাইরে পা রেখে বসেছিল। হঠাৎ বিকট আওয়াজ শুনে তাকিয়ে দেখি একজন নেই। ইটবাহী ট্রলির সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রেন থেকে ছিটকে পড়েন। অন্যজন পায়ে আঘাত পান। পার্শ্ববর্তী অন্য বগির যাত্রীরাও আহত হয়েছেন বলে জেনেছি। ট্রেন ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে চার যাত্রী হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আঘাতপ্রাপ্ত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাগরিকা এক্সপ্রেসের কয়েকজন যাত্রী ইটবাহী ট্রলির ধাক্কায় আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।