জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত আক্রাম হোসেনকে গলা কেটে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত আক্রাম হোসেন সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর এলাকার গোলাপ হোসেনের ছেলে।
.png)
জানা যায়, বুধবার দুপুরে আক্রাম হোসেন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি রাতে আর বাড়িতে ফেরেননি। আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ডোবার মধ্যে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। রাত ৮টার দিকে পুলিশ ঐ ডোবা থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খবর পেয়ে থানায় গিয়ে আক্রামের লাশ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের জন্য রাতেই লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অপরদিকে, ছিনতাই হওয়া অটোরিকশাটি বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে সদর উপজেলার মির্জাপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশ উদ্ধার করেছে।
ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ময়নাতদন্তের পর শুক্রবার দুপুরে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।