ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা

বিকল্প রুটে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১৩ ডিসেম্বর ২০২৩
বিকল্প রুটে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
ফাইল ফটো

গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প রুটে ট্রেন চলাচল চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, ময়মনসিংহ রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঐ অঞ্চলের ট্রেনগুলো বিকল্প রুটে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।

Advertisement

জানা গেছে, বুধবার ভোর সোয়া ৪টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও সাতজন আহত হন। পরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি মুরগি ব্যবসায়ী ছিলেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

অপরদিকে, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা তদন্তে বুধবার দুটি কমিটি করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে একটি এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!