ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সম্পত্তির জন্য বাবার দাফন আটকে দেন ৫ মেয়ে

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ৩০ নভেম্বর ২০২৩
সম্পত্তির জন্য বাবার দাফন আটকে দেন ৫ মেয়ে
ঘটনাস্থল

খুলনার পাইকগাছা উপজেলায় ছেলের নামে সম্পত্তি লিখে দেওয়ায় বাবার মরদেহ দাফন করতে পাঁচ মেয়ের বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলে মামুন মরদেহ বাড়িতে রেখে স্ত্রী-সন্তানকে নিয়ে পালিয়েছেন।

উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের হস্তক্ষেপে সাকাত গাজীর মরদেহ দাফন করা হয়।

জানা গেছে, সম্প্রতি সাকাত গাজী কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে সাকাত গাজীর ছেলে মামুন গাজী তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি হাসপাতালে থাকাকালে কৌশলে সম্পত্তি লিখে নেন মামুন।

Advertisement

মঙ্গলবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাকাত গাজী। মরদেহ বুধবার সকাল ৮টায় বাড়িতে নিয়ে আসা হয়। দাফন করার সময় মামুনের পাঁচ বোন বাঁধা দেন।

এর আগে, গোসলের সময় মৃত সাকাত গাজীর হাতের বুড়ো আঙুলে টিপ দেওয়ার ছাপ পাওয়া যায়। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ এলে মামুন পরিবারসহ পালিয়ে যায়। সাকাত গাজী এক ছেলে ৫ মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন।

এ বিষয়ে সাকাত গাজীর মেয়ে লাবনী আক্তার বলেন, আব্বার অসুস্থতার সুযোগে সম্পত্তি লিখে নিয়েছেন আমার ভাই।

পাইকগাছা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মেয়েদের বুঝিয়ে বৃহস্পতিবার দুপুরে সাকাত গাজীর মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। তার ছেলে যদি প্রতারণা করে কোনো কিছু করে থাকেন- তাহলে আইনগতভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছি। এ বিষয়ে জানতে ঐ ছেলের সন্ধান করা হচ্ছে। যতদূর শুনেছি প্রায় তিন মাস আগে তিনি বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়েছেন। তবে তার ভাষ্য নাকি বাবাই তাকে দিয়েছেন। ঐ জমির পরিমাণ অল্প, তবে বাজারের পাশে বলে মূল্য বেশি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা দাফন
লিংক সফলভাবে কপি হয়েছে!