বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডা. সৈয়দুল ওমাম চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিভিলা এলাকার চৌধুরীপাড়া গ্রামের শাহাজাহান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রামের লোহাগাড়া থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি কক্সবাজার যাচ্ছিল। এ সময় চট্টগ্রামগামী একটি মিনিট্রাক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী ডা. সৈয়দুল ওমাম নিহত হন। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
.png)
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ইকবাল বাহার মজুমদার জানান, মিনিট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত দুইটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে পালিয়েছেন চালক ও হেলপার। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।