সোমবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মুজিবর হাওলাদারের বাড়ির পাশে বাঘের উপস্থিতি টের পান এলাকাবাসী।
এ সময় ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা সেখানে উপস্থিত হন। তবে বাঘটি দ্রুত স্থান ত্যাগ করায় অবস্থান জানা যায়নি।
.png)
শরণখোলা ওয়াইল্ড টিমের ফিল্ড ফেসিলেটর আলম হাওলাদার বলেন, গত কয়েকদিন ধরে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। রোববার বিকেলে ও সোমবার সকালে বাঘের নতুন নতুন পায়ের ছাপ দেখা গেছে।
তিনি আরো বলেন, বাঘটিকে সরাসরি না দেখা গেলেও গত রাতে সোনাতলা গ্রামের মুজিবর হাওলাদারের বাড়ির পাশে বাঘের নড়াচড়া টের পেয়েছেন বাড়ির লোকজন। এ সময় আমরা সেখানে পৌঁছালে আর বাঘটিকে দেখতে পাইনি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সোনতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখার পর ভোলা ফরেস্ট ক্যাম্পের বনরক্ষীদের খোঁজ নিতে বলা হয়েছে। এছাড়া বন সুরক্ষায় নিয়োজিত সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের গ্রামে পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।