ফিলিং স্টেশনে বিস্ফোরণ: মারা গেলেন সেই দগ্ধ শ্রমিক
জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের চার মাথার মোড়ের আক্কেলপুর এলপিজি ফিলিং স্টেশনের গ্যাসের টাঙ্কি বিস্ফোরণে দগ্ধ সাইফুল ইসলাম নামে একজন কর্মচারী মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সাইফুল ইসলাম পৌর এলাকার হাজিপাড়া মহল্লার আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আক্কেলপুর এলপিজি গ্যাস স্টেশনে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর আশপাশের বেশ কিছু এলাকা কেঁপে উঠে এবং এলপিজি গ্যাস স্টেশনে বিস্ফোরণ হয়। এ সময় স্টেশনের কর্মচারী সাইফুল ইসলাম আগুনে পুড়ে দগ্ধ হযন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। গুরুতর আহত কর্মচারীর শরীরের প্রায় ৮০ ভাগ দগ্ধ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আক্কেলপুর এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বজলুর রশিদ মন্টু কবিরাজ বলেন, মঙ্গলবার রাতে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় তার প্রায় ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।