ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৩

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ৪ নভেম্বর ২০২৩
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৩
মাদারীপুর সদর থানা- ফাইল ফটো

মাদারীপুরে যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন।

শনিবার বিকেলে সদর উপজেলার সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মলিনা বেগম (৬৫)। তিনি পটুয়াখালী সদর উপজেলার ঠেংগা গ্রামের জালালুদ্দিন শিকদারের স্ত্রী।

আহতদের মধ্যে রয়েছেন- পটুয়াখালী সদর উপজেলার কলেজ পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হক (৬৫), সুলতানা হক (৫০), পটুয়াখালী সদর উপজেলার হাজিখালি গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে জুয়েল (২৫), ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুর গ্রামের খলিল খানের ছেলে সাকুরা পরিবহনের চালক মামুন (৩৫), কুষ্টিয়া সদর উপজেলার খোকসা এলাকার শনজেল হোসেনের ছেলে ট্রাকচালক শাকিলসহ অন্তত ১৩ জন।

Advertisement

জানা যায়, বিকেলের দিকে সদর উপজেলার সমাদ্দার এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মলিনা বেগম নামে এক বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত। এ সময় আরো ১২ বাসযাত্রীসহ ট্রাকচালক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ হাওলাদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ নেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি এইচএম সালাউদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এছাড়া নিহত এবং আহতদের পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!