বুধবার সকালে মধুখালী উপজেলা রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজার এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাইয়ুম মল্লিক নামে এক পোল্ট্রি ব্যবসায়ী মধুখালী উপজেলা রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো বুধবার সকালে তিনি দোকানে খোলেন। এ সময় দোকানের সামনে একটি খাম দেখতে পান কাইয়ুম মল্লিক। খামের মধ্যে ছিল তিন হাজার টাকা এবং একটি চিরকুট।
.png)
এ চিরকুটে লেখা রয়েছে- আমাকে চিনবেন কিনা জানিনা, কিন্তু আমি আপনাকে খুব ভালোভাবে চিনি। আপনার দোকান থেকে কিছু টাকা চুরি করেছিলেম। টাকার পরিমাণ আমার মনে নেই। হয়তো ২০০০, ২৫০০, ৩০০০, ৪০০০ হাজার কিংবা এর কম-বেশি হতে পারে। ১২ থেকে ১৩ বছর পর আপনাকে সামান্য টাকাটা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জানি এই সামান্য টাকায় আপনার কিছুই হবে না। তাও এই টাকা গ্রহণ করে আমাকে মাফ করে দিন। এই আসায় আপনাকে তিন হাজার টাকা পাঠালাম। দয়া করে এটি নিয়ে আমাকে ক্ষমা করে দিন।
ব্যবসায়ী কাইয়ুম মল্লিক বলেন, প্রতিদিনের মতো বুধবার সকালে দোকান খুলে শাটারের পাশে একটি খাম পড়ে থাকতে দেখি। এটি খুলে দেখি একটি চিরকুট এবং তিনি হাজার টাকা। আমি মন থেকে দোয়া করি ঐ ব্যক্তি যেন সুখে থাকেন। আমি তাকে মাফ করে দিয়েছি।
এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, ঐ ব্যক্তি চোর হলেও তার শুভ বুদ্ধির উদয় হয়েছে। আশ্চর্যজনক হলেও বিষয়টি সত্য।