ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গফরগাঁওয়ে ডাকাতি, গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৬, ১৪ অক্টোবর ২০২৩
গফরগাঁওয়ে ডাকাতি, গ্রেফতার ৩
গফরগাঁওয়ে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ চার লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জের আনোয়ার হোসেন (৩৯), রাজবাড়ীর লিটন কাজী ওরফে দেলোয়ার কাজী (৪০) এবং গোপালগঞ্জের রুবেল মিয়া (৩২)।

Advertisement

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর দুপুরে ময়মনসিংহের নান্দাইলের দেওয়ানগঞ্জ বাজারের এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ী সাদ্দাম হোসেন ইসলামী ব্যাংকের ভালুকা শাখা থেকে ব্যবসা পরিচালনার জন্য ১৬ লাখ টাকা তোলেন। এ সময় পাঁচ যাত্রীসহ অটোরিকশায় পার্শ্ববর্তী গফরগাঁও থানাধীন এশিয়ান হাইওয়ের টানপাড়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার তাদের গতিরোধ করে। পরে তিন ব্যক্তি সাদ্দাম হোসেনকে জোর করে প্রাইভেটকারে উঠিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে ১৬ লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন ডাকাতি করে। পরবর্তীতে ডাকাতরা সাদ্দাম হোসেনের হাত ও চোখ বেঁধে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন ভান্নারা বাজারে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় ১০ অক্টোবর গফরগাঁও থানায় মামলা দায়ের হয়। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঐ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার আনোয়ার হোসেনের কাছ থেকে লুণ্ঠিত ৮০ হাজার টাকা, লিটন কাজী ওরফে দেলোয়ার কাজীর কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং রুবেল মিয়ার কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ওসি মো. ফারুক হোসেন জানান, ডাকাতির মূলহোতা লিটন কাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টিরও বেশি ডাকাতি ও মাদক মামলা রয়েছে। রুবেল মিয়ার বিরুদ্ধে দুইটি ডাকাতি মামলা রয়েছে।

তিনি আরো জানান, শনিবার বিকেলে গ্রেফতারকৃত তিনজনকে আদালতে তোলা হলে আনোয়ার ও রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার করে লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!