ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন, ৮ জেলের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ১৪ অক্টোবর ২০২৩
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন, ৮ জেলের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৮ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বরিশাল বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বিভাগে ১০২ টি অভিযান চালানো হয়েছে এবং ৩৪টি মোবাইল কোর্ট করা হয়েছে।

আর এসব অভিযানে ২৫১ কেজি ইলিশ উদ্ধার, ৬২ হাজার ৮শ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জালের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ৩৩ হাজার টাকা।

Advertisement

মোট ১৩ জেলেকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে সমপরিমাণ মামলা হয়েছে। এর মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বাকীদের কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ১ হাজার ৬ শ টাকা।

এদিকে গত দুদিনে বরিশাল বিভাগের ১৭ টি মৎস অবতরণ কেন্দ্র, ১১৪ টি মাছঘাট, ৩২৫ টি আড়ৎ ও ১৯৬ টি বাজার পরিদর্শন করেছে মৎস অধিদফতরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।

সরকারের এ আইন বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল বিভাগের ৯০টি নদীতে র‌্যাব-পুলিশ-কোটগার্ডসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দিন-রাত সমান তালে অভিযান চালিয়ে যাচ্ছে।

 মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বিভাগ, জেলা ও উপজেলা মৎস অফিসের পাশাপাশি থানা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২২ দিনের এই নিষেধাজ্ঞায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করবে। আর এই প্রজণন মৌসুমে ইলিশ মাছ নিরাপদে ডিম পারতে পারলে আগামীতে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন জানান, নদীতে নিরাপত্তা নিশ্চিত করতে এই ২২ দিন সাড়ে ৩’শ নৌ পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। এতে করে এ অঞ্চলে অবৈধভাবে কেউ মা ইলিশ শিকার করতে পারবে না বলে আশা করছি। আর এরমধ্য দিয়ে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এদিকে বরিশালের নদ-নদীর ৩২ টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ চিহিৃত করা হয়েছে। আর এসকল ঝুঁকিপূর্ণ এলাকায় টহলে থাকবে যৌথবাহিনী। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেক জেলা-উপজেলায় একটি করে স্ট্রাইকিং ফোর্সসহ ৩২ জন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!