সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । দুপুরে সাটুরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে দুই ট্রাক চালককে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ট্রাকচালকরা হলেন মাদারীপুরের কালকিনি এলাকার আব্দুর রহমান শিকদারের ছেলে ট্রাকচালক আব্দুস সালাম হোসেন ও মানিকগঞ্জ কৃষ্ণপুর এলাকার বিশু বেপারীর ছেলে বাদল মিয়া।
.png)
পুলিশ জানায়, মানিকগঞ্জ বিএডিসি থেকে অবৈধভাবে ৪২৬ বস্তা ট্রিপল সুপার ফসফেট ও ৫২৩ বস্তা মিউরেট অব পটাশ সার পাচার হচ্ছিল গাজীপুরের কালিয়াকৈর এলাকার মেসার্স নারায়ন বণিক ও মেসার্স বিঞ্চু অ্যান্ড ব্রাদার্স সার বিক্রয় প্রতিষ্ঠানে। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী স্কেলে ওজন ট্যাক্স ফাঁকি দিতে সার বহনে বেছে নেয়া হয় সাটুরিয়া সড়ক। সোমবার রাত ১২টার দিকে সাটুরিয়া থানা পুলিশের অভিযানে সারবোঝাই ওই ট্রাক দুটিকে উদ্ধার করা হয়।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, ৯৪৯ বস্তা সারসহ দুই ট্রাক চালককে গ্রেফতার করা হয়। ট্রাক চালকদের জিজ্ঞাসাবাদে তারা মানিকগঞ্জ বিএডিসির সার বিক্রির দুইটি পৃথক চালান দেখায়। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মানিকগঞ্জ জেলা বিএডিসির কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে ৯ অক্টোবর নারায়ণ বনিক ও বিঞ্চু অ্যান্ড ব্রাদার্স নামে সার বিক্রির কোনো মেমো করা হয়নি বলে জানানো হয়। জরুরি কৃষিপণ্য সার কেলেঙ্কাকারীর সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।