সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুবর্ণচর উপজেলার চর বাগ্গা এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মো. ছালা উদ্দিন উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্গ্যা গ্রামের আতর আলীর ছেলে।
মৃত ছালা উদ্দিনের বড় ভাই আবুল বাসার অভিযোগ করে জানান, চার-পাঁচদিন আগে পারিবারিক বিষয়ে মনোমালিন্যের এক পর্যায়ে তার ছোট ভাই স্ত্রী আজিমা খাতুনকে থাপ্পড় দেন। এর জের ধরে আজিমা খাতুন তার বাবার বাড়িতে চলে যান। আজিমার বাবার বাড়ির লোকজন এ ঘটনার পর ছালা উদ্দিনকে হুমকি দেন।
.png)
বাসার অভিযোগ করে আরো জানান, রোববার রাতে ছালা উদ্দিনকে তার স্ত্রী ফোন করে দুই সন্তানের দিকে তাকিয়ে সংসার টিকিয়ে রাখার অনুরোধ জানিয়ে তাকে শ্বশুরবাড়িতে যেতে বলেন। এরপর রাত আনুমানিক ১১টার দিকে ছালা উদ্দিন বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যান। সোমবার সকালে ছালা উদ্দিনের স্ত্রীর বড় বোন বাসারকে ফোন করে বলেন- আপনার ভাই ফাঁস দিয়েছে, তার লাশ নিয়ে যান। শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তার ভাইকে বাড়িতে নিয়ে হত্যা করে লাশ ঘরের ভেতর ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ করেন বাসার।
চরজব্বর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে সকালে পুলিশ শ্বশুরবাড়ি থেকে ছালা উদ্দিনের মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।