ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২৩
হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন
ফাইল ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুরে আবু সাঈদ হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয় আদালত) আদালতের বিচারক আবুল বাশার মিঞা এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

Advertisement

দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের তাজের ফকিরের ছেলে আ. সালাম ও তার ছেলে আজিজুল এবং তাজের ফকিরের ভাই আবুল কালাম ও তার ছেলে বোরহান উদ্দিন।

বেকসুর খালাস পাওয়া আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মহসীন রেজা, আব্দুস কুদ্দুস, তয়জাল, আলেয়া, ময়না খাতুন, রেখা খাতুন, বুলবুলি খাতুন ও ইদ্রিস আলী।

মামলা সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের আ. সালামের সঙ্গে প্রতিবেশী (মামলার বাদী) জাহাঙ্গীর আলমের বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলে আসছিল। এ জেরে ২০০৫ সালের ২২ এপ্রিল আসামিরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে জমায়েত হন। তারা জোর করে সীমানা প্রাচীর সরাতে গেলে জাহাঙ্গীর আলমের লোকজন বাধা দেন। এতে আসামিরা তাদের পিটিয়ে আহত করেন। পরে জাহাঙ্গীরের বাবা আবু সাঈদের ওপর হামলা করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আবু সাঈদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!