ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কথা কাটাকাটি থেকে হত্যা, ৩ ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ১০ সেপ্টেম্বর ২০২৩
কথা কাটাকাটি থেকে হত্যা, ৩ ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড
ইনসেটে দণ্ডপ্রাপ্তরা

চট্টগ্রামের আনোয়ারায় একটি হত্যা মামলায় তিন ভাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ারা উপজেলার শিলাইগড়া এলাকার আলী আহমেদের তিন ছেলে হারুন রশিদ, জাহেদ হোসেন টুন্টু ও আনোয়ার হোসেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী আখতার কবির চৌধুরী বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন ভাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি জাহেদ হোসেন টুন্টু ও আনোয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক রয়েছেন আরেক আসামি হারুন রশিদ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১ জুলাই আনোয়ারা উপজেলার মধ্যম শিলাইগড়া এলাকায় ভুক্তভোগী মোহাম্মদ শাহেদের বাড়ির পাশের বিলে ভাসা জাল বসিয়ে মাছ ধরতে যান আসামি জাহেদ হোসেন টুন্টু। ঐ সময় শাহেদ বাধা দিলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ফোনে দুই ভাই হারুন ও আনোয়ারকে ডেকে নেন জাহেদ। এরপর তিনজন মিলে ধারালো কিরিচ, দা ও লোহার রড দিয়ে শাহেদের ওপর হামলা চালান।

একপর্যায়ে দা দিয়ে শাহেদের মাথায় কোপ দেন হারুন। ঐ সময় শাহেদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই তিনি মারা যান।

ঐ ঘটনায় তিন ভাইয়ের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেন শাহেদের চাচা মো. ইউনুছ। মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ২০১৬ সালের ২০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এ মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!