বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ পাড়া থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। জেলার প্রায় ৫০টি স্থানে ওই উচ্ছেদ অভিযান চলবে বলে জানা গেছে।
খুলনা সড়ক বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় এ অভিযান পরিচালনা করেন।
.png)
জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক সড়কের দু’পাশে জায়গা দখল করে অবৈধভাবে পাকা, আধাপাকাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন স্থানীয়রা। সড়ক বিভাগ নোটিশ ও মাইকিং করে স্থাপনাগুলো সরিয়ে নিতে বললেও অবৈধ দখলদাররা তা সরিয়ে নেননি। তাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়; চলবে শুক্রবার পর্যন্ত।
খুলনা সড়ক বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় বলেন, সরকারি জায়গায় কোনোভাবে অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না। এসব স্থাপনার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। জেলার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খুঁটি দিয়ে সড়কের জায়গাগুলো চিহ্নিত করা হবে।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিমসহ পুলিশ, ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট।