ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীকে শ্বাসরোধে হত্যায় স্ত্রী-মেয়েসহ ৪ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ৩০ আগস্ট ২০২৩
প্রবাসীকে শ্বাসরোধে হত্যায় স্ত্রী-মেয়েসহ ৪ জনের মৃত্যুদণ্ড
ফাইল ছবি

কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রবাসী শহীদ উল্লাহকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড ও তার কন্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার কাশারী খোলার নিহত শহীদ উল্লাহর স্ত্রী হাছনেয়ারা বেগম, একই গ্রামের মো. শাহজাহান, মো. আমির হোসেন ও মো. মোস্তফা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, নিহতের কন্যা মোছা. খাদিজা বেগম।

Advertisement

মামলার বিবরণে জানা যায়, চান্দিনা উপজেলার কাশারীখোলার ছায়েদ আলীর ছেলে শহীদ উল্ল্যা (৪৮) ৮-৯ বছর যাবত বিদেশে থাকার পর বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। এরই জের ধরে ২০০৯ সালে ২১ নভেম্বর কুমিল্লার চান্দিনার কাদুটি কাশারীখোলা গ্রামে প্রবাসফেরত শহীদ উল্লাহকে স্ত্রী-কন্যাসহ পাঁচজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধানক্ষেতে ফেলে আসেন। 

এ ঘটনায় ২০০৯ সালের ২২ নভেম্বর নিহতের ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (এসআই) তারেক মো. আব্দুল হান্নান আসামি স্ত্রী-কন্যাসহ অপর দুজনকে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করলে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

মামলার এপিপি মো. জাকির হোসেন বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি হাছনেয়ারা বেগম, মো. শাহজাহান, মো. আমির হোসেন ও মো. মোস্তফাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া আসামি মোছা. খাদিজা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণাকালে আমির হোসেন, হোছনেয়ারা ও খাদিজা বেগম উপস্থিত ছিলেন আর বাকি দুজন মো. মোস্তফা ও শাহজাহান পলাতক আছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!