মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলার বারোমাইল নামক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন জাকারিয়া। তার এমন আকস্মিক মৃত্যু নাড়া দিয়েছে মা-বাবা, স্ত্রী ও পাড়া প্রতিবেশীর হৃদয়ে। শোকে মাতম গ্রামজুড়ে। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাড়াইল কুটিপাড়া গ্রামে।
নিহত জাকারিয়া ক্ষেতলাল উপজেলার বড়াইল কুঠিপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।
.png)
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, জাকারিয়া পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। সোমবার রাতে পারিবারিকভাবে ক্ষেতলালের বুড়াইলের গ্রামের আব্দুর রহিমের মেয়ে জেমি আক্তারের সঙ্গে বিবাহ সম্পন্ন করে রাতেই বউ নিয়ে বাড়ি ফেরেন। ভোরে নতুন বউয়ের জন্য বাজার করতে দুপচাঁচিয়া যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান তিনি।
কাহালু থানার ওসি মাহামুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যুবক মোটরসাইকেল নিয়ে বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন।