ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির বিরোধে হামলার শিকার ২২ দিনের শিশু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ২৭ আগস্ট ২০২৩
জমির বিরোধে হামলার শিকার ২২ দিনের শিশু
সালথা থানা- ফাইল ফটো

ফরিদপুরের সালথা উপজেলায় জমির বিরোধে ২২ দিন বয়সী এক শিশু পাশবিকতার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাসহ তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। এতে শিশুটির মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুরের বিশেষায়িত শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা এবং তার নানিকেও নির্মমভাবে আঘাত করা হয়েছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে শরীরের বিভিন্ন স্থানে।

জানা গেছে, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের এসকেন্দার মোল্লার সঙ্গে তার ভাই সেকেন্দার মোল্লার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এ ঘটনা ঘটে।

Advertisement

এসকেন্দার মোল্লার স্ত্রী আরজু বেগম লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১৬ আগস্ট একটি ছাগলের বাচ্চা ছানা প্রতিবেশীর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে সেকেন্দার মোল্লার স্ত্রী শাফি বেগম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে শাফি বেগমের ছেলে মেহেদি হাসান তার উপর হামলা চালান। তার মাথার চুল ধরে মাটিতে ফেলে দিয়ে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এরপর লোহার হাতুড়ি দিয়ে পেটানো হয়।

এ সময় মাকে এভাবে মারতে দেখে কোলে শিশু বাচ্চাকে নিয়েই তাকে বাঁচাতে এগিয়ে যায় তার মেয়ে ইশা (২২)। পরে তাকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিলে শিশু সন্তানসহ ছিটকে পড়েন। এতে শিশুটি তার মা ইশার থেকে দূরে আরেক জায়গায় ছিটকে পড়ে। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। পায়ে এবং মুখেও জখম হয়। তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আহতাবস্থায় শিশুটিকে ফরিদপুরের জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিশুর মা ইশা অভিযোগ করে বলেন, সন্তান পেটে থাকতেই চাচি বলতেন- আমার ছেলে নাকি পেট থেকে পচে গলে বের হবে। আর এখন জন্ম নেয়ার পরপরই তারা আমার বাচ্চাটিকে আঘাত করে দিল। জানিনা, এর কারণে ওর কোনো ক্ষতি হবে কিনা।

সালথা থানার ওসি শেখ সাদিক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!