ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে। নিহত গৃহবধূ মিনু বেগম একই গ্রামের উজ্জ্বল শেখের স্ত্রী।
নিহত মিনুর মা সোনাই বেগম অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্ব শত্রুতার জেরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যাকাণ্ডের পর মরদেহ সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রেখেছিলেন।
.png)
জানা যায়, ১০ বছর আগে মিনুর সঙ্গে তার আপন চাচাতো ভাই উজ্জ্বল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন মিনুর স্বামী। গত ৪ বছর পূর্বে উজ্জ্বল শেখ গোপনে আরেকটি বিয়ে করেন এবং এরপর নির্যাতন আরো বেড়ে যায়।
গত ৫ আগস্ট সকাল ৭টা থেকে মেয়ে মিনুকে পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়ি গিয়ে তার মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেননি শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনার পর গত ৮ আগস্ট বালিয়াকান্দি থানায় তেঁতুলিয়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে উজ্জ্বল শেখ, শমসের শেখের ছেলে কুদ্দুস শেখ, কুদ্দুস শেখের স্ত্রী জহুরা বেগমকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়।
বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম জানান, সেপটিক ট্যাংকে থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার রহস্য উদ্ঘাটনসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।