ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ১৮ আগস্ট ২০২৩
নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার
ফাইল ফটো

নওগাঁর মান্দায় নিখোঁজের চারদিন পর গোলাম রাব্বানী নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামের গুন্দইল ঘাট থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত গোলাম রাব্বানী উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর (বিলবাড়ি) গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।

মৃতের চাচাতো ভাই নূরনবী রতন জানান, গত সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গোলাম রাব্বানী খাওয়া-দাওয়া করে ভাড়া মারার উদ্দেশ্যে অটোচার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে রাব্বানী নিখোঁজ ছিলেন। ঐদিন দুপুর ২টার পর থেকে তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়।

Advertisement

এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও রাব্বানীর কোনো খোঁজ না পাওয়ায় গত মঙ্গলবার মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি এবং বৃহস্পতিবার রাতে একটি অপহরণ মামলা করা হয়। শুক্রবার দুপুরে হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামের গুন্দইল ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, স্থানীয় জিগাতলা বাজারের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সোমবার সকাল ১০টা ২ মিনিটে নিখোঁজ রাব্বানী তার ভ্যানে একই এলাকার নাহিদ ও তুহিন নামের দু’জনকে নিয়ে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। বুধবার বিকেলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটি সংগ্রহের সংবাদ ছড়িয়ে পড়ার পর নাহিদ ও তুহিন গা ঢাকা দেন। এ ঘটনায় বৃহস্পতিবারে জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুস সাত্তার মিস্ত্রি, উত্তর শ্রীরামপুর গ্রামের নার্গিস বেগম ও সায়েরা বিবি এবং নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের আংগুর বেগম।

এ ব্যাপারে মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী ও মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!