ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগল চুরির মামলায় যুবদল নেতা কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ১১ আগস্ট ২০২৩
ছাগল চুরির মামলায় যুবদল নেতা কারাগারে
যুবদল নেতা বাবুল মিয়া- ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে ছাগল চুরির মামলায় যুবদল নেতা বাবুল মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি জেলার মির্জাগঞ্জ উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বুধবার (৯ আগস্ট) দুপুরে বিচারক স্বপন কুমার দাস জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ইজিবাইক নিয়ে চলাফেরার ছলে বিভিন্ন জায়গা থেকে গরু-ছাগল ও গাড়ির ব্যাটারি চুরি করতো একটি চক্র। চলতি বছরের ২৪ জানুয়ারি মির্জাগঞ্জ উপজেলার রানীপুর বাজারে ইজিবাইক ও ছাগলসহ চোর চক্রের সদস্য রিমন, রাহুল ও মাসুদকে আটক করে পুলিশ।

Advertisement

জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা স্বীকার করে তারা জানান, কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে ছাগলটি ইজিবাইকে করে নিয়ে এসেছেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবুলের কাছে নিয়ে যাওয়া হচ্ছিলো ছাগলটি। বাবুল কম দামে চোরাই ছাগল কিনে বেশি দামে বিক্রি করেন।

ঘটনার তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম গত ৩০ এপ্রিল মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেন। আদালতের বিচারক প্রতিবেদন আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বুধবার মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বাবুল।

আসামিপক্ষের আইনজীবী শাহীন জামান বলেন, অন্য আসামিরা আদালত থেকে আগেই জামিন নিয়েছেন। বাবুল বুধবার বিকেলে আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!