ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুসল্লির বেশে জানাজায় অংশ নিয়ে মোবাইল চুরি করে তারা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ৯ আগস্ট ২০২৩
মুসল্লির বেশে জানাজায় অংশ নিয়ে মোবাইল চুরি করে তারা
ছবি: সংগৃহীত

জানাজায় গিয়ে মোবাইল চুরির সময় সুমন মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাতটি মোবাইল উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার মাদারীপুরের শিবচরে এ ঘটনা ঘটে। 

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান।

গ্রেফতারকৃত সুমন মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের মোতালেব মোল্লার ছেলে। এ চক্রের বাকি তিন সদস্যকে খুঁজছে পুলিশ। তারা হলেন, শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনপাড়া এলাকার শামসুল হকের ছেলে শাহজাহান হক (৪০), ঢাকার কদমতলী এলাকার জসিম (৪০) ও পল্লবীর আনিচ (৩৬)।

Advertisement

পুলিশ জানায়, শিবচরের বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজায় মঙ্গলবার হাজারো মানুষ অংশ নেন। প্রচণ্ড ভিড়ে চুরি হয়ে যায় অসংখ্য মোবাইল। কারও কারও মানিব্যাগসহ টাকা চুরি হয়। এ সময় আবদুল্লাহ মুহাম্মদ হাসান নামের একজনের পকেট থেকে মোবাইল চুরি করতে গেলে হাতেনাতে ধরা পড়েন সুমন মোল্লা। তাৎক্ষণিক তাকে পুলিশে দেন স্থানীয়রা। পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় চুরি হওয়া সাতটি মোবাইল উদ্ধার করা হয়।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, চোর চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকার কবরস্থান, ময়মনসিংহ, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লির ছদ্মবেশে জানাজায় অংশ নিয়ে মোবাইল চুরি করে আসছিল। চক্রের বাকি তিনজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!