ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, সচেতনতায় মাইকিং

বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৫১, ৪ আগস্ট ২০২৩
বান্দরবানে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা, সচেতনতায় মাইকিং
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানে টানা কয়েকদিনের বর্ষণে পাহাড় ধসের শঙ্কা বেড়েছে। এ জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভা এলাকায় মাইকিং করা হয়েছে।

এদিকে টানা দুই থেকে তিনদিনের বৃষ্টিতে বান্দরবান-থানচি রোডে নীলগিরির নিকটবর্তী কালা পাহাড় থেকে বড় একটি পাথর ধসে পড়ায় ঐ রাস্তায় শুক্রবার সকাল থেকে সব যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পয়ে থানচি উপজেলা ফায়ার সার্ভিস পাথরটি অপসারণ করে।

বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা ফায়ার স্টেশনের লিডার তরুণ জ্যোতি বড়ুয়া।

Advertisement

বান্দরবান আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত হয়েছে ৯৬ মিলি মিটার। আগামী সাতদিন চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বান্দরবানের বিভিন্ন উপজেলায় ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃষ্টিপাতের কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান পৌরসভার কয়েকটি এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) নার্গিস সুলতানা। এ সময় তিনি পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনসাধারণকে সচেতন করেন এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে উপজেলার পাহাড় এলাকায় বসবাসকারী জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সচেতনতামূলক মাইকিং অব্যাহত আছে। তাদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!