ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলার ডুবে সাগরে ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ৪ আগস্ট ২০২৩
ট্রলার ডুবে সাগরে ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার
ফাইল ফটো

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা ও ভোলার উপকূলীয় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার মোহাম্মদ মুক্তার, আকতার হোসেন, নুর মোহাম্মদ, মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. ওসমান, মো. আজিজুল হক ও মো. আরজু। বাকি দুইজনের নাম জানা যায়নি। তারা বাঁশখালী উপজেলার বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার রাতে কুতুবদিয়ার তিন নটিক্যাল মাইল পশ্চিমে ঝড়ের কবলে পড়ে এফবি মালেক শাহ, এফবি আল্লাহর দান ও এফবি আলী শাহ নামে তিনটি ট্রলার ডুবে যায়। এতে ৪০ জন নিখোঁজ হন। পরে আশপাশের ট্রলারগুলো ২৮ জনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিলেন এফবি আলী শাহ ট্রলারের ১২ জন।

Advertisement

ট্রলারটির মালিক মো. মনির উদ্দিন জানান, ট্রলারডুবির পর ১২ জেলে ট্রলারে থাকা ফ্লুট (পানিতে ভেসে থাকার বস্তু) দিয়ে ভাসতে থাকেন। বৃহস্পতিবার রাতে পতেঙ্গা উপকূলের জেলেরা ১০ জনকে ভাসতে দেখে ট্রলারে তুলে নেন। ভোলা উপকূল থেকে আরো দুইজনকে উদ্ধার করে অন্য একটি ট্রলার।

কোস্টগার্ড পূর্ব জোনের সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ বলেন, সাগরে ভাসতে থাকা জেলেদের ১০ জনকে পতেঙ্গা ও বাকি দুইজনকে ভোলার উপকূল থেকে উদ্ধার করেছেন জেলেরা। উদ্ধারের পর শুক্রবার সকালে তাদের এলাকায় আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!