বুধবার রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে জেলার মুক্তাগাছা থানাধীন হৃদয় মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মুক্তাগাছা উপজেলার বাসুরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মোতালেব (৫০) এবং চাঁনপুর গ্রামের আব্দুল হকের ছেলে আরিফ হোসেন (৩০)।
.png)
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ওসি মো. ফারুক হোসেন জানান, মোতালেব ও আরিফ দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির পর বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন। তবে তাদের বিষয়ে তথ্য না থাকায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন। মঙ্গলবার রাতে হৃদয় মোড়ে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে ঐ দুইজন অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ওসি মো. ফারুক হোসেন আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।