ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিতে পুঁতে রাখা মেয়ের লাশ উদ্ধার, মা আটক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ২২ জুলাই ২০২৩
মাটিতে পুঁতে রাখা মেয়ের লাশ উদ্ধার, মা আটক
লাশ উদ্ধার- ফাইল ফটো

বগুড়ার ধুনট উপজেলায় ঘরের মেঝেতে পুঁতে রাখা মর্জিনা খাতুন নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে তার মা রওশন আরাকে আটক করা হয়েছে।

শনিবার বিকেলে ধুনট উপজেলার চান্দারপাড়া গ্রামের মর্জিনার মায়ের ঘরে মাটি খুঁড়লে তার মরদেহ পাওয়া যায়। ৩৩ বছরের মর্জিনা স্বামী পরিত্যক্তা ছিলেন। ফলে মায়ের বাড়িতেই বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল লতিফ।

এসব তথ্য নিশ্চিত করেন ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম।

Advertisement

জানা গেছে, গত ১ জুলাই থেকে মর্জিনাদের বাড়িতে তালা ঝুলছিল। তার পরিবারের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতে স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। শনিবার সকালে মর্জিনার মা রওশন আরাকে ঢাকা থেকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এরপরই তার ঘরের মেঝের মাটি খুঁড়ে মর্জিনার লাশ পাওয়া যায়।

পুলিশ ও গ্রামবাসীর ধারণা, গত ৩০ জুন মর্জিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর থেকেই তার মাসহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান। পারিবারিক কলহে এ হত্যাকাণ্ড ঘটে।

ওসি মো. রবিউল ইসলাম বলেন, মর্জিনার মা রওশন আরাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মর্জিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!