রোববার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ- প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বোয়ালমারী উপজেলার কুন্ডু রামদিয়া গ্রামের এমদাদুল শেখ (৪৬), মিরাজ শেখ (৩২), এরশাদ সিকদার (৩৪), জব্বার সিকদার (৪৯)। অপর আসামি ইলিয়াস মোল্লাকে (৩৩) দুই বছরের সাজা প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
মামলার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নবাব আলী মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি বোয়ালমারীর কুন্ডু রামদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় আব্দুল কুদ্দুস শেখসহ চারজন আহত হন। পরে ফরিদপুর মেডিকেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে আব্দুল কুদ্দুস শেখের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের তদন্ত শেষে এ মামলায় পাঁচজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রোববার এ মামলার রায় ঘোষণা হয়।