বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সিআইডির কার্যালয়ে সিআইডির এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের পাবলিক হল মোড় থেকে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত আবু জোহানুর ওরফে লিপু খুলনা জেলার খালিশপুর থানার ১৬৪ রোডের বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে।
.png)
সিআইডির এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজুল ইসলাম জানান, গত বছরের ২৯ অক্টোবর গভীর রাতে টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেনের বাড়ির দ্বিতীয় তলার বারান্দার কংক্রিটের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ২৭ লাখ টাকা ও সাড়ে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার সময় চিৎকার করলে স্থানীয়রা ধাওয়া করে তিন ডাকাতকে ধরে ফেলে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাকাতির মূল পরিকল্পনাকারী আবু জোহানুর ওরফে লিপু বলে স্বীকার করেন। এ ঘটনায় সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরে সিআইডি গোপালগঞ্জ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে; গোপালগঞ্জ শহরের পাবলিক হল মোড়ে অবস্থান নেবে ডাকাতির মূল পরিকল্পনাকারী আবু জোহানুর ওরফে লিপু। পরে ওই স্থানে অবস্থান নিয়ে ডাকাত দলের সদস্য আবু জোহানুর ওরফে লিপুকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ডাকাতির ৪৫ হাজার টাকা উদ্ধার করে সিআইডি।