বৃহস্পতিবার রাতে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বগিরচর এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে। বৃদ্ধা আনোয়ারা ঐ এলাকার মৃত আশেক আলীর স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর ঐ বৃদ্ধার ঘরে আগুন দেখে আশেপাশের লোকজন চিৎকার দেন। স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসতঘরটিসহ ভেতরেই পুড়ে কয়লা হয়ে যান বৃদ্ধা আনোয়ারা বিবি।
.png)
স্থানীয় ইউপি সদস্য লিটন সাজী বলেন, ঐ বৃদ্ধা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবুও নিজ ঘরের চুলায় রান্না করেই খেতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পরে রাতের জন্য খাবার রান্না করে ঘরের ভেতরে শুয়ে ছিলেন ঐ বৃদ্ধা। এরপর হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। এতে পুরো ঘরটিসহ পুড়ে যান বৃদ্ধা আনোয়ারা। আমরা ধারণা করছি; রান্নার চুলা থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর ঐ বৃদ্ধার পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এ বিষয়ে লালমোহনের ইউএনও অনামিকা নজরুল বলেন, কেউ আগুনে পুড়ে মারা গেলে তার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়। ঐ বৃদ্ধার পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা করব।