ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাংবাদিক নাদিম হত্যা মামলায় ৬ আসামি কারাগারে

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ২২ জুন ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা মামলায় ৬ আসামি কারাগারে
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম -ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় দুই আসামি বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- রেজাউল করিম, মনিরুল ইসলাম মনির, গোলাম কিবরিয়া সুমন, মো. মলিন, মো. তোফাজ্জল ও মো. আয়নাল হক।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে চারদিনের রিমান্ড শেষে জামালপুরের বকশীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ এই আদেশ দেন।

Advertisement

মামলার বাদী পক্ষের আইনজীবী ইউসূফ আলী জানান, চারদিনের রিমান্ড শেষে ছয় আসামির মধ্যে রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনির বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং নিজেদের দোষ স্বীকার করেছেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার (১৮ জুন) সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় তার ১২ সহযোগীর মধ্যে রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরসহ ছয়জনের চারদিন আর বাকি ৬ জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

নাদিম হত্যা মামলায় গ্রেফতার হওয়া ১৩ জন আসামিকে রোববার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ভিন্ন মেয়াদে এই রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ।

এর আগে সকাল ১১টায় বকশীগঞ্জ থানা থেকে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ তিনজনকে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। বিকেল ৩টায় তাদের আদালতে নেয়া হয়।

এর আগে, বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জের মোড়ে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা চালানো হয়। পরদিন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!