শনিবার দুপুর দেড়টার দিকে সোনাইমুড়ী-চাটখিল সড়কের জয়াগ ইউনিয়নের ভাউর কোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেন।
নিহত সিএনজি চালকের নাম মো. মানিক (৩৬)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকার বানুয়াই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সোনাইমুড়ীর জয়াগ থেকে জননী প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিচালক খালি সিএনজি নিয়ে সোনাইমুড়ী থেকে রামগঞ্জের দিকে আসছিলেন। এ সময় সোনাইমুড়ী টু চাটখিল সড়কের ভাউর কোট এলাকায় বাসচালক আরফিুর রহমান একটি ট্রাককে ওভারটেক করতে গেলে সিএনজির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক মানিক মারা যান। পরে উত্তেজিত বাসে আগুন ধরিয়ে দেন। এরপর সোনাইমুড়ী-চাটখিল সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনাইমুড়ী থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যান। স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।