মঙ্গলবার দুপুরে আলাউদ্দিনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, সোমবার রাত ৮টার দিকে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের মো. ছেরাজুল হকের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা এলাকায় অভিযান চালান। এ সময় একটি অটোরিকশাসহ মাদক কারবারি আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার দুই পায়ের স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার ৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, এ ঘটনায় চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঐ মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।