ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ১১ জুন ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ২ গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।  এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অন্তত ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের ৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শাহীনুর রহমান শাহিনকে আহ্বায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই শহরের পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই জেরে শুক্রবার বিকেলে জেলা ছাত্রদলের বিদায়ী কমিটির আহ্বায়ক রুবেল চৌধুরী ফোজায়েল, সদস্য সচিব মহসিন মিয়ার অনুসারীরা শহরের টিএ রোড ও পাওয়ার হাউস রোডে বিক্ষোভ করেন।

Advertisement

একপর্যায়ে দা ও লাটিসোঁটা নিয়ে নতুন কমিটির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালান। এ ঘটনার জের ধরে শনিবার রাতে ঘোষিত কমিটির নেতাকর্মীদের বাড়িঘরে দ্বিতীয় দফায় হামলা করেন পূর্বের কমিটির নেতাকর্মীরা। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘোষিত কমিটির নেতাকর্মীরা জড়ো হয়ে পূর্বের কমিটির নেতাকর্মীদের ধাওয়া করেন।

এতে ছাত্রদলের বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় অন্তত ৫টি বাড়িঘরে হামলা এবং ভাঙচুর ও ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বিবাদমান ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!