হামলার শিকার জেলা কৃষকদলের আহ্বায়কের নাম আবু শামীম মো. আরিফ ওরফে ভিপি শামীম।
গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শাহীনুর রহমানকে আহ্বায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়। এর আগে জেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন রুবেল চৌধুরী ফুজায়েল ও সদস্য সচিব ছিলেন মহসিন মিয়া হৃদয়।
.png)
জানা যায়, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটির আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তীসহ ৭ জন সদস্য শুক্রবার সকালে জেলা কৃষকদলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফের কান্দিপাড়ার বাসায় যান। সেখানে সদ্য ঘোষিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হচ্ছে বলে জানতে পারেন বিদায়ী কমিটির সদস্যরা। এ ঘটনাকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রদলের বিদায়ী কমিটির আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েল, সদস্য সচিব মহসিন মিয়া ও যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমানের নেতৃত্বে কৃষকদলের আহ্বায়কের কান্দিপাড়ার বাড়িতে দা ও লাটিসোঁটা নিয়ে হামলা চালান।
এ সময় আগের কমিটির ছাত্রদলের নেতাকর্মীরা আবু শামীমের বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে তারা আবু শামীমের বাড়ি থেকে সদ্য ঘোষিত কমিটির সদস্যদের বের হয়ে আসার জন্য ডাক দেন। পরে স্থানীয় লোকজন ও যুবদলের নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ছাত্রদলের বিদায়ী কমিটির সদস্যরা সেখানে থেকে সরে যান।
জেলা কৃষকদলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ জানান, কান্দিপাড়ার দক্ষিণ দিকের পুকুর পাড় থেকে ছাত্রদলের একদল ছেলে এসে আমার বাড়ির ফটকে হামলা চালায়। তারা ফটক ভাঙার চেষ্টা করে। তারা কেন এমন করলো এবং এই দুঃসাহস কোথা থেকে পেল বুঝতে পারছি না।
জেলা ছাত্রদলের বিদায়ী কমিটির আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েল বলেন, কবির আহমেদ ভূঁইয়া যাদের পছন্দ করেন তাদেরকে দিয়েই জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আমরা কবির আহমেদের অনুসারী নই বলে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এ কমিটি আমরা মানি না। তারা যেখানে আসবে সেখানেই প্রতিহত করা হবে।