আটক নুরুল আবছার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা।
রোববার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম।
.png)
তিনি জানান, গত ৩০ মে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় নুরুল আবছারকে কালো মাইক্রোবাসে করে টেকনাফ থেকে অপহরণ করে নিয়ে যায় কিছু লোকজন। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারের তৎপরতা শুরু করে। এর দুদিন আগে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে কক্সবাজার যান ঐ যুবক। পরে তার বাবার কাছে ফোন করে ৭৪ হাজার টাকা আদায় করেন তিনি।
পরিবারকে জানানো হয়, ছেলেকে (আবছার) অপহরণ করা হয়েছে। তাকে জীবিত পেতে হলে আরো ৫ লাখ টাকা পাঠাতে হবে। পরে আবছারের মুখে কালো কাপড় পেঁচিয়ে তার পরিবারের কাছে কিছু ছবি পাঠায়।
ওসি জানান, শুরুতে আবছারের বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। এরপর অবশ্য টাকার পরিমাণ কমানো হয়। বিষয়টি শুনে পুলিশ তার মোবাইল ট্র্যাক করে। প্রথমে তার অবস্থান কক্সবাজারে দেখা গেলেও পরে চট্টগ্রামে মরিয়াম হোটেলে তার অবস্থান শনাক্ত হয়। এরপর সেখান থেকে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, নুরুল আবছার আত্মগোপনে গিয়ে বাবার থেকে অর্থ আদায়ের জন্য অপহরণের অভিনয় করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দেনার জন্য অপহরণ ও মুক্তিপণের অভিনয় করে বলে স্বীকার করেছেন। আবছারের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।