ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে চিড়িয়াখানার হরিণের মাংস ভাগ-বাটোয়ারা, গ্রেফতার ১

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ৩০ মে ২০২৩
শেরপুরে চিড়িয়াখানার হরিণের মাংস ভাগ-বাটোয়ারা, গ্রেফতার ১
মিনি চিড়িয়াখানা- ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কের মিনি চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি রাতের আঁধারে জবাই করে মাংস খেয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে মঙ্গলবার বাদশা মিয়া নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে, রোববার রাতে হরিণ জবাই করার ঘটনা ঘটে। পরে সোমবার সকালে বাদশা মিয়াকে গ্রেফতার হয়। এ সময় তার কাছ থেকে হরিণের চামড়া উদ্ধার করে বন বিভাগ। গ্রেফতারকৃত বাদশা মিয়া উপজেলার বাতকুঁচি গ্রামের জাহেদ আলীর ছেলে।

জেলা বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ বন বিভাগের আওতাধীন মধুটিলা ইকোপার্কের ভেতরে মিনি চিড়িয়াখানায় থাকা দুইটি হরিণের মধ্যে একটির মরদেহের অংশ পার্কের ভেতরে পাওয়া যায় গত ৯ এপ্রিল। পরে চিড়িয়াখানায় থাকা একমাত্র চিত্রা হরিণটি গত রোববার রাতে বাতকুঁচি নামাপাড়া এলাকার কতিপয় দুর্বৃত্ত মিলে চুরি করে জবাই করার পর মাংস ভাগ-বাটোয়ারা করে নেয়।

Advertisement

পরদিন সোমবার ভোরে বিষয়টি টের পেয়ে বন বিভাগের লোকজন তদন্তে নামেন। একইদিন সকালে বাতকুঁচি বাজার থেকে ঐ গ্রামের বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার স্বীকারোক্তি অনুযায়ী বাদশার পুকুর থেকে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রাপ্তবয়স্ক হরিণটির ওজন ছিল প্রায় ৫০ কেজি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী মঙ্গলবার গ্রেফতারকৃত বাদশাকে আদালতে পাঠানো হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম আরো বলেন, হরিণ জবাইয়ের ঘটনায় সাত থেকে আটজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!