ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ৩০ মে ২০২৩
ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে আলফাডাঙ্গায় আফরোজা আলম নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী রবিউল ইসলাম রবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল ইসলাম রবি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামের নুরুল হক মোল্যার ছেলে রবিউল ইসলাম রবির সঙ্গে হত্যার ঘটনার ১৪ বছর আগে একই উপজেলার উত্তর মালা গ্রামের শামচুল আলমের মেয়ে আফরোজা আলমের বিয়ে হয়। আফরোজা শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। এ দম্পতির আদনান ইসলাম নামে নয় বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী ছেলে রয়েছে। হত্যার এক মাস আগে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় স্ত্রী আফরোজ আলম উপজেলার গড়ানিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

Advertisement

২০২০ সালের ৩ আগস্ট ভাড়া বাড়িতে স্ত্রী আফরোজা আলমকে স্বামী রবিউল ইসলাম রবি শ্বাসরোধে হত্যার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১২ সেপ্টেম্বর আলফাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ রবিউল ইসলাম রবিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, আদালত ৩০২/২০১ ধারায় স্ত্রী আফরোজা আলমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলাম রবিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!