ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘স্কুলব্যাগে পিস্তল-জুতোয় বুলেট’ গন্তব্য ছিল চট্টগ্রাম 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ২৯ মে ২০২৩
‘স্কুলব্যাগে পিস্তল-জুতোয় বুলেট’ গন্তব্য ছিল চট্টগ্রাম 
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র-গুলিসহ আরমান গনি নামে এক যুবককে আটক করেছে নগর ডিবি পুলিশ। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর ডিবির ডিসি (বন্দর ও পশ্চিম) মো. আলী হোসেন।

এর আগে, সকালে আকবরশাহ থানার পাকা রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরমান গনি নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট খাজা রোডের হাবিলদার বাড়ির মো. ইসমাইলের ছেলে।

ডিসি মো. আলী হোসেন বলেন, কুমিল্লা থেকে বাসে চট্টগ্রামে অস্ত্র আসছিল- এমন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানার পাকা রাস্তার মাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। তল্লাশির একপর্যায়ে আরমান গনি নামে এক বাসযাত্রীর সঙ্গে থাকা স্কুলব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড শটগানের কার্তুজ এবং পায়ের জুতা থেকে ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিসি আরো বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান একজন অস্ত্র বিক্রেতা বলে আমাদের জানান। কুমিল্লা থেকে অস্ত্রটি কিনে চট্টগ্রামে একজনের কাছে সরবরাহের কথা ছিল তার। অস্ত্রের গন্তব্য জানতে পেরেছি এবং তাকে ধরার চেষ্টা চলছে। অস্ত্র আইনে মামলার পর আরমানকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!