ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ রাতে ১৪ গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ২৩ মে ২০২৩
৩ রাতে ১৪ গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী
প্রতীকী ছবি

নেত্রকোণার কেন্দুয়ায় গরু চুরির হিড়িক পড়েছে। দিন যত যাচ্ছে এ উপজেলায় গরু চুরি ততই বাড়ছে। এ কারণে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। গত ১২ দিনের মধ্যে ৩ রাতে ১৪ গরু চুরি হয়েছে।

জানা যায়, ২১ মে রাতে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দিঘলকুর্শা গ্রামের জিয়াউর রহমানের খামার থেকে ৬ লাখ টাকা মূল্যের ৫টি গরু চুরি হয়েছে এবং একই রাতে গন্ডা ইউনিয়নের বড় কালিয়ান গ্রামের মনোয়ার হোসেনের বাড়িতে ৪ লাখ টাকা মূল্যের ৩টি বিদেশি গরু চুরির ঘটনা ঘটেছে।

এর আগে ২০ মে মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রাম থেকে ২টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় সাহিতপুর বাজারে স্থানীয় এলাকাবাসী গরুসহ চোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

Advertisement

অপরদিকে, গত ১১ মে রাতে আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের দুলাল মিয়ার ৩ লাখ টাকা মূল্যের ৪টি গরু চুরি হয়েছে। শুধু তাই নয় দিন যত যাচ্ছে এ উপজেলায় গরু চুরি ততই বাড়ছে। এসব ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ২ চোরকে গ্রেফতার ও ২টি  চুরিকৃত গরু উদ্ধার করেছে। তবে গরু চুরি বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে কেন্দুয়া  থানার ওসি আলী হোসেন বলেন, গরু চুরির অভিযোগ আমরা পেয়েছি। এর মধ্যে ২ গরুসহ ২ চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। গরু চুরি রোধে রাতের বেলা পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!