ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে উড়ে গেছে ঘর, ভেঙে পড়েছে গাছপালা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ১৪ মে ২০২৩
মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে উড়ে গেছে ঘর, ভেঙে পড়েছে গাছপালা
ছবি: সংগৃহীত

প্রবল শক্তি নিয়ে সেন্টমার্টিনে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড় মোখার আঘাতে সেন্টমার্টিনের বেশ কিছু বাড়িঘর, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। প্রবল ঘূর্ণিঝড়ে রোববার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। শুনেছি, গাছ পড়ে এক নারীর মৃত্যুও হয়েছে। কিন্তু আবহাওয়ার কারণে বাইরে যাওয়ার সুযোগ নেই।

Advertisement

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, মানুষের ঘর বাড়ির টিন, ছাউনি, কাঠ, বাঁশ উড়িয়ে নিচ্ছে। বড় বড় গাছ ও নারিকেল গাছ দুমড়ে-মুচড়ে পড়েছে। দোকানপাট ভেঙে উড়ে গেছে। পুরো সেন্টমার্টিনে বৃষ্টির পানি ও বাতাসের তীব্রতায় কিছুই দেখা যাচ্ছে না। সব ধোঁয়াশা হয়ে আছে।

এর আগে রোববার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদফতরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অধিদফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিট্যুয়ে অঞ্চল দিয়ে যাবে। ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকির সম্ভাবনা ছিল, এখন আর ততটা ঝুঁকি নেই। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!