ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেকে নিয়ে প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যা করেন রফিকুল

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৪ মে ২০২৩
ডেকে নিয়ে প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যা করেন রফিকুল
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ধোবাউড়ায় গভীর রাতে ডেকে নিয়ে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার ভোরে নেত্রকোণার কলমাকান্দা থানাধীন লেঙ্গুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রফিকুল ইসলাম ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের দক্ষিণ গামারীতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

নিহত ব্যক্তির নাম লস্কর আলী (৬৩)। তিনি একই গ্রামের বাসিন্দা।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‍্যাব-১৪ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল লস্কর আলী ও তার প্রতিবেশী রফিকুল ইসলামের পরিবারের মধ্যে। গত ৩ মে রাত সোয়া ৩টার দিকে লস্কর আলীর ঘুম না আসায় নিজ ঘরের সামনে বসেছিলেন। এ সময় রফিকুল এসে লস্কর আলীকে ডেকে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী চারুয়া বিলের ধানক্ষেতে ড্রেনের পাশে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

এমতাবস্থায় লস্কর আলী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকলে মৃত ভেবে চলে যান রফিকুলসহ অন্যরা। পরে লস্কর আলীর জ্ঞান ফিরলে তিনি রক্তাক্ত শরীর নিয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনের কাছে ঘটনার কথা জানান। পরে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে ৫ মে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে রফিকুলকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। কিন্তু আসামিরা ছিলেন পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে রফিকুলকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!