সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়ে জাহানারা বেগম (৬২) নামের এক বৃদ্ধা ও আব্দুল্লাহ মোল্ল্যা (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
জাহানারা বেগম সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা দক্ষিণপাড়া গ্রামের মৃত সফের আলীর স্ত্রী। অপরদিকে, আব্দুল্লাহ মোল্ল্যা সদর উপজেলার বিহারীনগর গ্রামের ওয়েহেদ মোল্ল্যার ছেলে।
.png)
জানা যায়, জাহানারা বেগম তার ছোট মেয়ের জামাই আসাদুজ্জামানের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার বিকেলে ঝড়-বৃষ্টির সময় কোনো কারণে বাড়ির উঠানে বের হন। এ সময় কালবৈশাখী ঝড়ে নারকেলগাছ থেকে নারকেল ছিড়ে তার মাথার ওপর পড়ে। পরে দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
অপরদিকে, বৃহস্পতিবার বিকেল আব্দুল্লাহ মোল্ল্যা বিহারীনগর গ্রামের একটি বিলে ধান কাটছিলেন। এ সময় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে ওই ধানক্ষেতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম জানান, ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল্লাহ মোল্ল্যা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।