গুপ্তধন মনে করে রকেট লঞ্চার ঘরে রাখেন কৃষক
ফরিদপুরের সালথায় গুপ্তধন মনে করে পরিত্যক্ত রকেট লঞ্চার ঘরে রেখে দেন এক কৃষক। এর ১৫ দিন পর ৯৯৯-এ নম্বরে ফোন পেয়ে পরিত্যক্ত রকেট লঞ্চারটি উদ্ধার করে পুলিশ।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের সিরাজ মাতুব্বরের বাড়ি থেকে রকেট লঞ্চারটি উদ্ধার করা হয়। এর আগে, গত ৬ এপ্রিল সকালে ঐ গ্রামের সিরাজ মাতুব্বরের ছেলে সত্তার মাতুব্বরের বাড়ির উঠানে মাটি কাটতে গিয়ে মরিচা ধরা পরিত্যক্ত রকেট লঞ্চারটি পাওয়া যায়।
জানা যায়, আগুলদিয়া গ্রামের সিরাজ মাতুব্বরের ছেলে কৃষক সত্তার মাতুব্বর বাড়ির উঠানে মাটি কাটতে গিয়ে রকেট লঞ্চারটি পাওয়া যায়। পরে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়িতে রেখে দেন। বিষয়টি জানতে পেরে গ্রামের ঐ এক ব্যক্তি ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান। খরব পেয়ে পুলিশ রকেট লঞ্চারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সত্তার মাতুব্বর বলেন, ১৫ দিন আগে বাড়ির উঠান থেকে রান্না ঘরের জন্য মাটি কাটার সময় ঐ জিনিসটি পাই। পরে আমি জিনিসটি চিনতে না পেরে নিজের কাছে রেখে দেই। বিষয়টি কয়েকজনের সঙ্গে আলাপ করার পর তারা সেটি দেখে জানান- এটি গুপ্তধন নয়, পরিত্যক্ত রকেট লঞ্চার। খবর পেয়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সালথা থানার ওসি শেখ সাদিক জানান, ৯৯৯-এ ফোন পেয়ে রকেট লঞ্চারটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে- এটি বহু পুরাতন এবং অকেজো। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।