জানা যায়, গত ৪ এপ্রিল কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোজাম হোসেন নামে এক ইঞ্জিনচালিত ভ্যান চালকের ভ্যান চুরি হয়। তিনি পাশের উপজেলা কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি গ্রামের বাসিন্দা।
তিনি জানান, ওইদিন বাড়ির পাশ থেকে রোগী নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর রোগী নামিয়ে ভ্যানের ওপর বসে ছিলাম। পরে ভ্যানটি রেখে পাশে বাথরুমে যাই। ফিরে এসে ওই স্থানসহ আশেপাশে কোথাও ভ্যানটি আর পাইনি। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মোজাম হোসেন।
.png)
তবে ঘটনার ৮ দিন পার হয়ে গেলেও পুলিশ আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলে তার অভিযোগ।
এদিকে গেল ১২ এপ্রিল অজ্ঞান পার্টির কবলে ইজিবাইক হারিয়েছেন রাজা সর্দার (২৮)। তিনি কোটচাঁদপুরের কুশনা গ্রামের আমিরুল সর্দারের ছেলে।
রাজার চাচা লিটন সর্দার বলেন, বুধবার সকালে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরে খবর পান, রাজাকে অজ্ঞান করে তার ইজিবাইক নিয়ে গেছে অজ্ঞান পার্টি।
এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন বলে তিনি জানান। বর্তমানে রাজা সর্দার কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও ইনডোর থেকে প্রতিদিনই চুরি হচ্ছে রোগীদের টাকা, মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এমনটাই জানা গেছে রোগীদের সঙ্গে কথা বলে।
অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আবাসিক ও স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকেও চুরি হয়েছে একাধিকবার জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব চুরির ঘটনার কোনোটাই আজ পর্যন্ত উদঘাটন হয়নি। ধরা পড়েনি কোনো চোর। এতে একের পর এক চুরির ঘটনা বেড়েই চলছে বলছেন ভুক্তভোগীরা। আর এসবের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন তারা।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদের সঙ্গে কথা বলতে মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
তবে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ কমল পাল সাগর বলেন, এর আগেও চুরির ঘটনায় পুলিশকে জানানো হয়েছে। এটা আমার জানা ছিল না। এখন জানলাম, বিষয়টি স্যারকে জানাচ্ছি।
এ ব্যাপারে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির এসআই ইউসুফ আলী জানান, তারা থানায় একটা অভিযোগ করেছেন শুনেছি। আর ওই অভিযোগটি আমাকে দিয়েছেন বলেও জেনেছি। তবে এখনও হাতে পাইনি। এর আগেই ঘটনা জানার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত শুরু হয়েছে। আর আগের ভ্যান চুরির অভিযোগটি কার কাছে আছে আমার জানা নাই।