মঙ্গলবার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একইদিন ভোরে ঢাকাগামী একটি হায়েস তল্লাশি করে দাউদকান্দি ব্রিজের সামনে থেকে আসামিদের গ্রেফতার এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সুমন, হাছান, আলাউদ্দিন ওরফে ইমন, মিজানুর রহমান ওরফে মিজান, আব্দুর রহিম, মো. সোহাগ, মো. ইয়াছিন আরাফাত সাকিব এবং সাবের হোসেন ওরফে সাব্বির।
.png)
জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায় উত্যক্ত করতেন একই এলাকার সুমন। একইসঙ্গে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন। সোমবার সন্ধ্যায় কবিরহাট উপজেলার ভুক্তভোগীর বাড়িতে সুমন চার থেকে পাঁচজন সহযোগীসহ যান। এ সময় তারা ভুক্তভোগীর ভাবিকে মারধর করে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ ঐ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় ঐদিন রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। ঐ মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।